Apan Desh | আপন দেশ

এবার গাড়িও চাইলেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৫, ২১ এপ্রিল ২০২৬

আপডেট: ২২:৩৩, ২১ এপ্রিল ২০২৬

এবার গাড়িও চাইলেন হাসনাত আব্দুল্লাহ

সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ির না নেয়ার ঘোষণা দিয়েছিলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সংসদ সদস্য হিসেবে উপজেলায় বসার জন্য অফিস পেয়ে এবার যাতায়াতের সুবিধার জন্য সরকারের কাছে গাড়ির দাবি জানালেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ এ দাবি করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৮তম দিনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

হাসনাত আবদুল্লাহ বলেন,অপজিশন থেকে আপনাদের সবাইকে থ্যাঙ্ক ইউ জানাচ্ছি যে, একটা বসার অন্তত জায়গা হয়েছে। আমরা লজ্জায় একটা কথা বলি না, এখন এ পার্লামেন্টের সেকেন্ড মোস্ট জুনিয়র হিসেবে একটা কথা বলছি। সেটা হচ্ছে— আমাদের ইউএনও মহোদয়ের একটা গাড়ি থাকে, উপজেলার চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমাদের ভাড়ায় গাড়ি চালাতে হয়। আপনাদেরকে আমরা লজ্জায় এটা বলতে পারি না। আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে একটা বসার ব্যবস্থা করে দিয়েছেন। এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়া হয় তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। মানুষের কাছে একটু যেতে পারি। 

হাসনাত আব্দুল্লাহর এ বক্তব্যের প্রেক্ষিতে স্পিকারের অনুমতিতে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের জন্য আলাদা কোনো বিলাসিতা বা অতিরিক্ত সুযোগ-সুবিধা না নেয়ার ব্যাপারে শুরুতেই অনুশাসন দিয়েছেন। এমনকি বিদ্যমান আইন সংশোধন করে সংসদ সদস্যদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধাও বাতিলের পরিকল্পনা রয়েছে। বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় জ্বালানি তেলের বরাদ্দ ৩০ শতাংশ কমানোসহ সরকারি কর্মকর্তাদের লোন সুবিধাও সীমিত করা হয়েছে। 

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রীর কাছে সংবাদপত্র শিল্পের সংকট তুলে ধরল নোয়াব

তবে সংসদ সদস্যের দাবির বিষয়ে সরকারি ও বিরোধীদলের সঙ্গে আলোচনা করে কোনো বিহিত ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধীদলের নেতা ড. শফিকুর রহমান আলোচনায় অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহর দাবিকে ‘কগনিজেন্সে’ নেয়ার জন্য ট্রেজারি বেঞ্চকে ধন্যবাদ জানান। তবে, স্বরাষ্ট্রমন্ত্রীর তাৎক্ষণিক নেতিবাচক বা কঠোর অবস্থানের বিষয়ে তিনি কিছুটা রসিকতা করে বলেন, ছোটদের আবদারে সব সময় ‘না’ বলতে নেই। হাসনাত আব্দুল্লাহর মতো তরুণ সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে দ্রুত নেতিবাচক উত্তর না দিয়ে এটি বিবেচনার আশ্বাস দিলে তিনি আরও খুশি হতেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, এমন বড় কোনো ইতিবাচক খবরের আশায় তিনি মিষ্টি খাওয়ানোর প্রস্তুতি নিলেও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে কিছুটা হোঁচট খেয়েছেন।

এসময় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়। তবে আলোচনার শেষ পর্যায়ে স্পিকার পুনরায় স্মরণ করিয়ে দেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের শেষ অংশে বিষয়টি বিবেচনার কথা উল্লেখ করেছেন।

এর আগে, চলতি বছরের ২৫ জানুয়ারি কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মরিচাকান্দা এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, সরকারে যেতে পারলে এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা বাতিল করা হবে। এ নিয়ম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি নির্বাচিত হলে ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা নেব না। আমার পরিবারের কাউকে এ সুযোগ নিতে দেব না। আমাদের দেশের প্রধান সমস্যা দুর্নীতি। সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। আমার যেহেতু সম্পদ কম, আমি দুর্নীতি করলে সহজে ধরা যাবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়