Apan Desh | আপন দেশ

সংবাদপত্রের স্বাধীনতায় দৃঢ় অবস্থানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী, নোয়াবের সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১১, ২১ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:৩৪, ২১ এপ্রিল ২০২৬

সংবাদপত্রের স্বাধীনতায় দৃঢ় অবস্থানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী, নোয়াবের সঙ্গে বৈঠক

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) নেতারা। মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক হয়। বৈঠকে সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট তুলে ধরে সমাধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

দুপুর ২টা ২০ মিনিটে শুরু হওয়া বৈঠক শেষ হয় বিকেল সাড়ে ৩টায়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী নোয়াব সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। গ্রুপ ছবি তোলেন। বিএনপি সরকার গঠনের পর নোয়াবের সঙ্গে এটি ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, তার সরকার স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করে। নিয়মিত পত্রিকা পড়েন ও টেলিভিশন দেখেন বলেও জানান তিনি। গণমাধ্যমে দেশের যে চিত্র উঠে আসে, সে বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয় বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি নোয়াব সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। নির্দিষ্ট সময় পরপর এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের আশ্বাস দেন।

বৈঠকের শুরুতে নোয়াব সভাপতি ও দৈনিক মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বক্তব্য দেন। তিনি সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট তুলে ধরে সমাধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

নোয়াব সদস্যরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীতারেক রহমানকে অভিনন্দন জানান। তারা ২০০১ সালে বিএনপি সরকারের সময়ে সংবাদপত্র শিল্পকে শিল্পখাত হিসেবে ঘোষণার বিষয়টি স্মরণ করেন। বর্তমানে এটি রুগ্ন শিল্পে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন।

এসময় বিগত সরকারের আমলের বিপুল সরকারি বিজ্ঞাপন বিল বকেয়া রয়েছে উল্লেখ করে তা পরিশোধে সহযোগিতা চান নোয়াব নেতারা। পাশাপাশি তিন মাস পরপর সরকার ও সংবাদপত্র মালিকদের মধ্যে নিয়মিত বৈঠকের প্রস্তাবও দেন তারা।

বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেফতার সাংবাদিকদের জামিনের বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন নোয়াব সদস্যরা।

বৈঠকে উপস্থিত ছিলেন- নোয়াবের সহ-সভাপতি এএসএম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ আলতামাশ কবির, সদস্য এ কে আজাদ, দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, পূর্বকোণ সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর প্রকাশক নাসিম মনজুর উপস্থিত ছিলেন।সহ বিভিন্ন গণমাধ্যমের মালিক ও সম্পাদকরা।

বৈঠকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়