ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এদিকে ভারত সফরের দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সিলেট নগরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে আলাপ-আলোচনা চলছে। বাংলাদেশের যুক্ত হওয়াটা অস্বাভাবিক নয়। অনেক দেশই বর্তমানে একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানে যাবে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা উচিত। ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই।
জ্বালানি খাতের প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। জ্বালানি খাতের সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা যায়, তা এনার্জি সেক্টর দেখলেই বোঝা যাবে।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং বিমান কেনার ব্যাপারে তিনি বলেন, বোয়িং কিনতেই হবে—এমন কোনো চাপ নেই। বাংলাদেশের চাহিদা রয়েছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও বোয়িং কেনা হবে।
আরও পড়ুন <<>> ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নিয়ে নির্দেশনা
মালয়েশিয়ায় শ্রমশক্তি রফতানির তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমশক্তি রফতানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সে সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে শ্রমশক্তি রফতানি করা হবে।
কলকাতায় বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকার সুযোগ না পাওয়া এবং রাস্তায় রাত কাটানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনার সুনির্দিষ্ট উদাহরণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের এমপি ইমরান আহমদ চৌধুরী ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































