ছবি : আপন দেশ
ভূমি মন্ত্রণালয়ের মাঠপর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের নির্দেশ দেয়া হয়েছে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের হালনাগাদ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।
গত ১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
পরিপত্রে বলা হয়, ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবা মানুষের জীবন, জীবিকা ও সম্পদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম। এ ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুষ্ঠু ও সময়োপযোগী পদায়ন গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: আগামী ৫ দিন ভারী বর্ষণের আভাস
মন্ত্রণালয়ের তথ্যমতে, একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনের ফলে স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এতে কোনো কোনো ক্ষেত্রে দায়িত্ব পালনের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত হতে পারে। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনার মতো সংবেদনশীল ও জনগুরুত্বপূর্ণ কার্যক্রমে নিয়মিত পদায়ন বা বদলির মাধ্যমে এ ধরনের ঝুঁকি কমানো প্রয়োজন।
পরিপত্রে আরও বলা হয়, সরকারের বিদ্যমান নীতি ও নির্দেশনার আলোকে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনে নিরুৎসাহিত করা হয়েছে। এ কারণে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরতদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করতে হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































