ছবি: আপন দেশ
দেশেকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, মাদক ঢুকিয়ে দেশের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করে দেয়ার চক্রান্ত চলছে। এর কবল থেকে তরুণ সমাজকে সতর্ক ও সজাগ থাকার আহবান জানান তিনি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর সোসাইটির আয়োজনে শহরের টাউন হল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন<<>>লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে দুই লাখ টাকা পুরস্কার
মন্ত্রী আরও বলেন, অভাব অনটনে আমরা দেশ পরিচালনা করছি। একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নির্বাচনের পর আমরা দায়িত্ব নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা-স্বাস্থ্য এদিকে যথেষ্ট গুরুত্বারোপ করছেন। একটি নকলমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম যেন চলে, সেটা আমাদের চ্যালেঞ্জের অংশ।
সোসাইটি চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হানিফ মুরাদ, জেলা পরিষদ প্রশাসক শাহাব উদ্দিন সাবু।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার প্রায় ৪ শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট. সনদপত্র, নগদ অর্থসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































