ছবি : আপন দেশ
সম্প্রতি রাজধানীর মিরপুরে বাসার ভেতর বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর পর মরদেহে পচন ধরে যায়। এ বিষয়ে তার ছেলে আলোচিত যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বুধবার (০৩ জুন) সকালে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
আব্দুল বারী বলেন, ‘যুগ্ম-সচিব আনিসুর রহমান এখন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মায়ের মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
এ কে এম আনিসুর রহমানের মার মৃত্যু-সংক্রান্ত বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘তাকে তো ফোনে কাল রাতে পাইনি। এখন তার সঙ্গে কথা বলে আগে নিশ্চিত হতে হবে যে বিষয়টি তার মাকে কেন্দ্র করেই কি না। আমরা সেটা দেখছি।’
পরবর্তীতে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমরা বিষয়টি দেখব। একটা আইন আছে, যেখানে বাবা-মায়ের ভরণ-পোষণ-সংক্রান্ত বিধান রয়েছে। সেটি কার্যকর থাকলে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’
আরও পড়ুন : আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, অপরাধীরা ছাড় পাবে না: স্বাস্থ্যমন্ত্রী
তিনি আরও বলেন, ‘আমি এরইমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি দেখতে বলেছি। প্রয়োজনীয় তথ্য বের করে আমরা দেখছি।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































