Apan Desh | আপন দেশ

ঈদের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল গঠন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৩, ২৪ মে ২০২৬

আপডেট: ১৯:৫৪, ২৪ মে ২০২৬

ঈদের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল গঠন

ফাইল ছবি, আপন দেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ কমিটি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সড়ক ও মহাসড়কের যানজট পরিস্থিতি এবং ঈদের জামাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন। 

রোববার (২৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, রোববার (২৫ মে) থেকে রোববার (৩১ মে) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইসিটি সেলে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল কার্যক্রম পরিচালিত হবে। 

আরও পড়ুন<<>>ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. জোবায়দুর রহমানের পদত্যাগ

ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সড়ক ও মহাসড়কে যানজট পর্যবেক্ষণ এবং ঈদের জামাত ঘিরে নিরাপত্তা ব্যবস্থা মনিটরিংয়ের উদ্দেশ্যে ১৪ জন কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহবায়ক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন-১ অধিশাখার যুগ্মসচিব মো. জসিম উদ্দীনকে। এছাড়া বিভিন্ন শাখার উপসচিব, সিনিয়র সহকারী সচিব, প্রশাসনিক কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সদস্যরা হলেন- মাদক-১ শাখার উপসচিব মো. মাহবুব আলম, প্রশাসন-১ শাখার উপসচিব মো. তোফায়েল হোসেন, কারা-১ শাখার উপসচিব মো. হাফিজ-আল-আসাদ, বাজেট-১ শাখার উপসচিব বিকাশ বিশ্বাস, পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ, রাজনৈতিক-২ শাখার উপসচিব কে. এম. ইয়াসির আরাফাত, সীমান্ত-১ শাখার সিনিয়র সহকারী সচিব মরিয়ম জাহান, রাজনৈতিক-২ শাখার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান, প্রশাসন-২ শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. জাহিদ হাসান, শৃঙ্খলা অনুবিভাগের ব্যক্তিগত কর্মকর্তা গনেশ চন্দ্র মন্ডল, পরিকল্পনা-৪ শাখার অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক অসিত কুমার মন্ডল, আনসার-১ শাখার অফিস সহায়ক নারায়ন চন্দ্র বৈষ্ণব এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিটি সেলের প্রোগ্রামার প্রকাশ চন্দ্র কর্মকার।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদযাত্রা ও ঈদ উদযাপনকে ঘিরে জননিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নিতে এ মনিটরিং সেল কাজ করবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়