ছবি : আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। এসময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা এ ঘটনায় স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে বলে মন্তব্য করেছেন তারা।
বুধবার (২২ এপ্রিল) সকালে ইবি ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুন।
নেতৃবৃন্দ বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।
আরও পড়ুন<<>>জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের ব্যাগ, স্কুল ড্রেস দেবে সরকার
তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা এ ঘটনায় স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত সনাক্ত করতে হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এছাড়া, ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। সাধারণ শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের হামলা বা সন্ত্রাসী কার্যক্রম কখনোই বরদাস্ত করা হবে না এবং শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ছাত্রদল অতীতের ন্যায় ভবিষ্যতেও সোচ্চার থাকবে বলে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে ইবি ছাত্রদল।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের লেকে স্থানীয় বহিরাগতদের আপত্তিকর অবস্থায় দেখে বাধা দেয়াকে কেন্দ্র করে তাদের হাতে বেধড়ক মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী তরুন বিশ্বাস এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিখন। এতে ইবি শিক্ষার্থী তরুণের নাক ফেটে যায় এবং দাত ভেঙে যায়। এ ঘটনায় ইবি থানার সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































