Apan Desh | আপন দেশ

বগুড়া-শেরপুরের দুই আসনের জয়ীদের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫১, ১১ এপ্রিল ২০২৬

বগুড়া-শেরপুরের দুই আসনের জয়ীদের গেজেট প্রকাশ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১১ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) ইসি সচিব স্বাক্ষরিত গেজেটে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫)-এর অনুচ্ছেদ ৩৯-এর দফা (৪) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন এতদ্দ্বারা গত ৯ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় সংসদের ১৪৫ শেরপুর-৩ আসনের স্থগিতকৃত সাধারণ নির্বাচন এবং ৪১ বগুড়া-৬ শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করছে।

গেজেট অনুযায়ী, ১৪৫ শেরপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল। পিতা: সেরাজল হক, মাতা: মোছা. হেলেন আক্তার। ঠিকানা: সাং- হালগড়া, পো. হালগড়া-২১০০, থানা/উপজেলা- শ্রীবরদী, জেলা- শেরপুর।

আরও পড়ুন <<>> সারাদেশে চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব

এছাড়া ৪১ বগুড়া-৬ আসনে বিজয়ী হয়েছেন মো. রেজাউল করিম বাদশা। পিতা: মো. শাহ আলম, মাতা: জাহানারা বেগম। ঠিকানা: বাসা/হোল্ডিং- ৩৯৭ বি, হাছনা জাহান স্কুল, শিববাটী, ডাকঘর- বগুড়া-৫৮০০, বগুড়া সদর, বগুড়া পৌরসভা, জেলা- বগুড়া।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হয়ে আসনটি ছেড়ে দিলে তা শূন্য ঘোষণা করে নতুন করে নির্বাচন করে ইসি। এছাড়া শেরপুর-৩ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় সে সময় ভোট স্থগিত করে ৯ এপ্রিল নতুন তফসিলে ভোট গ্রহণ করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়