শামীমা নাসরিন ও মো. রাসেল
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে ইভ্যালির মালিক মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৩০ মার্চ) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১০ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৪০৭ টাকা আত্মসাতের অভিযোগে রোববার (২৯ মার্চ) ডিএমপির কাফরুল থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
তদন্তে জানা গেছে, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ইভ্যালির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে পণ্যের অর্ডার নেয়া হয়। তবে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করা হয়। এছাড়া বিভিন্ন মার্চেন্টের কাছ থেকে পণ্য নিয়ে তার মূল্য পরিশোধ না করার অভিযোগও রয়েছে।
আরও পড়ুন <<>> জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু
প্রাথমিক অনুসন্ধানে সিআইডি জানতে পেরেছে, আত্মসাৎ করা অর্থ দিয়ে আসামিরা বিলাসবহুল গাড়ি কেনা, সম্পদ অর্জন ও বিদেশ ভ্রমণসহ ভোগ-বিলাসে ব্যয় করেছেন। গ্রাহকদের বারবার ডেলিভারির আশ্বাস দেয়া হলেও শেষ পর্যন্ত পণ্য সরবরাহ করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































