ছবি: আপন দেশ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, তিনি নিজেও সশস্ত্র বাহিনীর পরিবারের সদস্য। দেশের প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকার কাজ করছে। সশস্ত্র বাহিনীর মূল লক্ষ্য পূরণে সবাইকে একযোগে দেশের জন্য কাজ করার আহবান জানান তিনি।
এর আগে সকালে একই স্থানে কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানরা।
দীর্ঘ দেড় যুগ পর স্বাধীনতা দিবসে ফিরে আসে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে প্রদর্শিত হয় দেশের প্রতিরক্ষা সক্ষমতা।
প্যারেডে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। ঘোড়ায় চড়ে প্যারেড কমান্ডারের প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন।
এবারের কুচকাওয়াজে সাজোয়া, আর্টিলারি, সিগনালস, ইস্ট বেঙ্গল, এয়ার ডিফেন্স, সার্ভিসেস, প্যারা কমান্ডো, নৌবাহিনী এবং আধুনিকায়িত ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট অংশ নেয়। আকাশপথে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা নিয়ে অবতরণ করেন। বিমান বাহিনীও বিভিন্ন কৌশলগত প্রদর্শনী তুলে ধরে।
আরও পড়ুন <<>> নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি
এর আগে ভোর ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে তিনি বীর উত্তম জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে সুরা ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































