Apan Desh | আপন দেশ

নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৯, ২৬ মার্চ ২০২৬

আপডেট: ১৭:৪৫, ২৬ মার্চ ২০২৬

নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি

ছবি: আপন দেশ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে এতে। নোটিশে নিহত প্রতিটি পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার দাবি করা হয়েছে। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং কর্মক্ষমদের পুনর্বাসনের ওপর জোর দেয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকালে জনস্বার্থে এ নোটিশ পাঠান অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান এবং অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।

নোটিশে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী, নৌপরিবহণমন্ত্রী, সেতু বিভাগের প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। এতে বলা হয়েছে, ঘটনাটি আপাতদৃষ্টিতে দুর্ঘটনা মনে হলেও এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ব্যবস্থাপনায় কোনো অবহেলা ছিল কিনা, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা জরুরি।

উল্লেখ্য, একই দিন বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরগুলোকে সমন্বয়ের মাধ্যমে সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়ার সতর্কবার্তাও দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাকিস্তানের অভিনন্দন

এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

নোটিশ প্রসঙ্গে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, জনস্বার্থে দ্রুত নোটিশটি পাঠানো হয়েছে। সময়স্বল্পতার কারণে প্রথমে ই-মেইলে পাঠানো হয়েছে এবং পরবর্তী কর্মদিবসে ডাকযোগেও সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়