বিএনপির চেয়ারম্যান তারেক রহমান: ফাইল ছবি
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ফলাফলে প্রায় দুই-তৃতীয়াংশ আসনে জিতে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশের বৃহত্তম এ দলটির চেয়ারম্যান তারেক রহমানই হতে যাচ্ছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এতে প্রায় সাড়ে তিন যুগ (৩৫ বছর) পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ।
এদিকে ঘোষিত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১০টি আসনে জয়লাভ করেছে। অপরদিকে জামায়াত জোট পেয়েছে ৭৪ আসন।
এর আগে বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল, দল ক্ষমতায় গেলে চেয়ারম্যান তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। এবারের নির্বাচনে তিনি প্রথমবারের মতো অংশ নেন এবং ঢাকা-১৭ ও বগুড়া-৬— দুটি আসনেই জয় অর্জন করেন।
আরও পড়ুন<<>>বিএনপির নিরঙ্কুশ জয়, সরকার গঠনের অপেক্ষায়
তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৯৮৮ সালে এরশাদ আমলে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এরপর ১৯৯০ সালের পর থেকে দেশে আর পুরুষ প্রধানমন্ত্রী দেখা যায়নি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন।
এরপর ২০২৬ সালে আবারও পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ।
এদিকে নির্বাচনী বিজয় উপলক্ষে কোনো ধরনের মিছিল না করার নির্দেশ দিয়েছে বিএনপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরঙ্কুশ জয়ের জন্য জুমার নামাজের পর সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করবে বিএনপি। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































