Apan Desh | আপন দেশ

পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০১, ১০ জুলাই ২০২৬

পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

ছবি : সংগৃহীত

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা শফিকুর রহমান মেঙ্গালের বাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। 

এতে অন্তত ১৭ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। তবে হামলায় অক্ষত রয়েছেন মেঙ্গাল।

বুধবার (০৮ জুলাই) দুপুরে খুজদার শহরের শাহজাদ টাউন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ডন।

নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। 

স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী শফিকুর রহমান মেঙ্গালের বাড়ির প্রধান ফটকে আঘাত হানে। এতে ফটক, সীমানাপ্রাচীর এবং ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়। 

প্রথম বিস্ফোরণের পর পরই আরও কয়েকটি বিস্ফোরণের শব্দে পুরো খুজদার শহর প্রকম্পিত হয়। আশপাশের ভবনগুলোর দরজা-জানালার কাচ ভেঙে যায়। হামলার পর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে তিন ঘণ্টার বেশি সময় ধরে গোলাগুলি চলে। এ সময় রকেট লঞ্চার, গ্রেনেডসহ বিভিন্ন ভারী অস্ত্র ব্যবহার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে মেঙ্গালের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরাও রয়েছেন। এ ছাড়া বন্দুকযুদ্ধে পাঁচ হামলাকারী, যার মধ্যে কয়েকজন আত্মঘাতী হামলাকারীও ছিলেন, নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। আহতদের খুজদার টিচিং হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। হামলার পর দুই হাসপাতালেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

আরও পড়ুন : মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতে ইরানের হামলা

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। পাশাপাশি খুজদার শহরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়