ছবি সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গভীর খাদে যাত্রীবাহী বাস পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। শুক্রবার (০৩ জুলাই) বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী শেরানি-ঝোব মহাসড়কের দানাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের মেডিকেল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার (এমইআরসি) জানায়, কোয়েটা থেকে পেশাওয়ারগামী নিউ মেখতার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৪০টি মরদেহ উদ্ধার করেছেন। আহত আটজনকে ঝোব ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই ছয়টি অ্যাম্বুলেন্স, ১২ জন জরুরি চিকিৎসা প্রযুক্তিবিদ এবং ১০টি সহায়ক যান নিয়ে উদ্ধার অভিযান শুরু হয়। শেরানি জেলা প্রশাসন, রেসকিউ দল, পুলিশ ও খাইবার পাখতুনখোয়ার উদ্ধারকর্মীরা যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেন।
আরও পড়ুন<<>>৪ মাস পর জনসমক্ষে খামেনির মরদেহ
শেরানির ডেপুটি কমিশনার হাজরত ওয়ালি কাকার জানান, আহতদের দ্রুত আশপাশের হাসপাতালে নেয়া হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে পথে বিকল হয়ে পড়া আরেকটি বাসের যাত্রীরা এ বাসে ওঠায় যাত্রীর সংখ্যা বেড়ে যায়।
আহতদের চিকিৎসা নিশ্চিত করতে শেরানি ও ডেরা ইসমাইল খান জেলার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান চালাতে কিছুটা বেগ পেতে হলেও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































