ছবি সংগৃহীত
পাকিস্তানে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও পাঁচ শিশু আহত হয়েছে। দুর্ঘটনার পর তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই দুইজনকে আটক করা হয়েছে।
পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্ঘটনার পর ধ্বংসস্তূপ থেকে ১৯ শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১৪ জন মারা গেছে এবং আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, লাহোরের কাহনা এলাকায় একটি বেসরকারি কোচিং সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০ বছরের কম বয়সী কয়েকজন শিশুকেও উদ্ধার করা হয়েছে।
জরুরি সেবা সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র ফারুক আহমেদ বিবিসিকে জানান, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় তারা এ দুর্ঘটনার খবর পান। তিনি বলেন, এক ঘণ্টার মধ্যেই উদ্ধার অভিযান শেষ করা হয়। উদ্ধার হওয়া বেশির ভাগ শিশুর বয়স ছিল সাত থেকে ১১ বছরের মধ্যে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন<<>>ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্যকে হত্যা
নিহতদের একজনের চাচা পরিচয় দেয়া ৪৫ বছর বয়সী জহির বার্তাসংস্থা এএফপিকে বলেন, ভবনটির ছাদের অবস্থা আগে থেকেই খারাপ ছিল। তিনি জানান, শিশুরা পড়াশোনা করার সময় ছাদের টাইলস মেরামতের কাজ চলছিল। তার ভাষায়, ‘হঠাৎ করেই অনেক শিশুর ওপর ছাদ ভেঙে পড়ে।
তিনি আরও বলেন, ছাদের ওপর অতিরিক্ত ওজন দেয়া হয়েছিল। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
এলাকার আরেক বাসিন্দা বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, সন্তান হারানো পরিবারের প্রতি সমবেদনা জানাতে আগে কার বাড়িতে যাব, সেটাই বুঝতে পারছি না।
ঘটনার পর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে প্রকাশিত ওই বার্তায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ এ ঘটনাকে হৃদয়বিদারক ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইংরেজিতে দেয়া এক বার্তায় তিনি বলেন, ১৪ নিরীহ শিশুর প্রাণহানি অপূরণীয় ক্ষতি। শোকাহত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা।
তিনি আরও বলেন, এ ঘটনায় যারাই দায়ী, তাদের আইনের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































