Apan Desh | আপন দেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ২ জুন ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ

ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (০২ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদকক্ষে আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ পদে লড়বেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। অপর দিকে খলিলুর রহমানের বিপক্ষে সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ প্রায় ৪০ বছর পর আবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছে। ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

আরও পড়ুন<<>>কুয়েতে খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

এরপর এ পদে বাংলাদেশ আর কোনো নির্বাচন করেনি। এবার ৪০ বছর পর আবার এ পদে নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ প্রায় চার বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিল। তবে শেষ মুহূর্তে প্রার্থিতা ঘোষণা করে ফিলিস্তিন। বাংলাদেশ ও ফিলিস্তিন ভ্রাতৃপ্রতিম দেশ হওয়ায় ফিলিস্তিনের সঙ্গে নির্বাচন করা নিয়ে দোটানায় ছিল বাংলাদেশ। কারণ ফিলিস্তিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হলে মুসলিম দেশগুলোর ভোট বিভক্ত হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত ফিলিস্তিন সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। এখন সাইপ্রাসের সঙ্গে এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় যাচ্ছে বাংলাদেশ।  

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের দ্বারা প্রতি বছর গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন। এ নির্বাচনে সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যেকটি একটি করে ভোট দেয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সভাপতি নির্বাচিত হন। এবারও ঠিক সেভাবেই নির্বাচন হবে।

বাংলাদেশ এ ভোটে জয়ের বিষয়ে আশাবাদী। সোমবার (০১ জুন) পররাষ্ট্র  প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের এ বিষয়ে বলেছেন, আমরা আশাবাদী। বাংলাদেশ অত্যন্ত শক্ত প্রতিদ্বন্দ্বী, এ নির্বাচনে অত্যন্ত ভালো অবস্থানে আমরা আছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, ওনার যেহেতু একটা বিশাল অভিজ্ঞতা আছে, ক্যারিয়ার আছে জাতিসংঘে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে বাংলাদেশ জয়যুক্ত হবে এবং আমি মনে করি, অনেক নতুন দ্বার উন্মোচিত হবে বাংলাদেশের জন্য; বাংলাদেশের মানুষের জন্য। এটা একটা গর্বের মুহূর্ত হবে বাংলাদেশের জন্য।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়