Apan Desh | আপন দেশ

কুয়েতে খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:৪৪, ২৪ মে ২০২৬

কুয়েতে খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক পরিস্থিতির মধ্যে ভ্রাতৃপ্রতিম দেশ কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। সংহতি ও বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ খাদ্যসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার।

রোববার (২৪ মে) বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, মোট ২৪০ টন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কয়েকটি ধাপে বিমানযোগে সোমবার (২৫ মে) থেকে কুয়েতে পৌঁছাবে।

হরমুজ প্রণালির দীর্ঘস্থায়ী বন্ধ এবং এর ফলে কুয়েতের সরবরাহ ব্যবস্থার ওপর তৈরি হওয়া চাপ মোকাবিলায় এ সহায়তা ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দেশটির কৌশলগত খাদ্য মজুত ও জরুরি প্রয়োজন পূরণেও এটি সহায়ক হবে।

এ উপলক্ষ্যে শনিবার (২৩ মে) কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর কাছে প্রতীকীভাবে খাদ্যসামগ্রীর চালান হস্তান্তর করেন। বর্তমানে তিনি সরকারি সফরে কুয়েতে অবস্থান করছেন।

অনুষ্ঠানে হুমায়ুন কবির বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানর পক্ষ থেকে কুয়েতের আমীর শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর উদ্দেশে পাঠানো একটি চিঠিও আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

চিঠিতে কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আরও পড়ুন <<>> রাশিয়ার যুদ্ধে আটকা ৩০ বাংলাদেশিকে ফেরত চান স্বজনরা

বাংলাদেশের উচ্চপর্যায়ের তিন সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক। কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হুসাইনও প্রতিনিধি দলের বিভিন্ন বৈঠক ও হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন।

দুই পক্ষের আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, মানবিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।

বাংলাদেশ ও কুয়েত উভয় দেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, খাদ্য নিরাপত্তা এবং বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়, কুয়েতে এ খাদ্য সহায়তা পাঠানো দুই দেশের গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। একই সঙ্গে আঞ্চলিক অনিশ্চয়তার সময়ে বন্ধুপ্রতিম দেশগুলোর পাশে থাকার বাংলাদেশের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

উভয়পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, বন্ধুত্ব ও বহুমাত্রিক সহযোগিতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়