Apan Desh | আপন দেশ

ইরান যুদ্ধে ৪২টি যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩৮, ২১ মে ২০২৬

ইরান যুদ্ধে ৪২টি যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)।

বৃহস্পতিবার (২১ মে) এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। 

সিআরএস জানায়, সংঘর্ষ চলমান থাকায় এবং কিছু তথ্য এখনো গোপনীয় থাকায় ক্ষয়ক্ষতির চূড়ান্ত যাচাই বাকি—ফলে প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে। 

প্রতিবেদন অনুযায়ী, ক্ষয়ক্ষতির তালিকায় রয়েছে চারটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, একটি এফ-৩৫এ লাইটনিং-২, একটি এ-১০ থান্ডারবোল্ট-২ স্থল আক্রমণকারী বিমান, সাতটি কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার জ্বালানি সরবরাহকারী বিমান এবং একটি ই-৩ সেন্ট্রি আগাম সতর্কীকরণ ও নিয়ন্ত্রণ বিমান। এ ছাড়া দুটি এমসি-১৩০জে কমান্ডো-২ বিশেষ অভিযানকারী বিমান, একটি এইচএইচ-৬০ডব্লিউ জলি গ্রিন-২ উদ্ধারকারী হেলিকপ্টার, ২৪টি এমকিউ-৯ রিপার ড্রোন এবং একটি এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন ক্ষতিগ্রস্ত বা হারানোর তথ্য উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দফতর এখনো পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেনি। তবে সিআরএস বিভিন্ন সংবাদ প্রতিবেদন, পেন্টাগন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য বিশ্লেষণ করে এই হিসাব তৈরি করেছে বলে জানানো হয়।

এদিকে পেন্টাগন জানিয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ২৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। পেন্টাগনের অর্থবিষয়ক প্রধান জুলস হার্স্ট তৃতীয় বলেন, ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপনের ব্যয় বাড়ায় মোট খরচও বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক হামলা শুরু করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন : হরমুজ প্রণালি খুলতে চাই :  ট্রাম্প

অন্যদিকে, সিআরএসের প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি বলেন, ‘যুদ্ধ থেকে ইরান গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে আরও বড় প্রতিক্রিয়া দেখানো হবে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়