ছবি : সংগৃহীত, আপন দেশ
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রস্তুতি জোরদার হয়েছে। হাই-প্রোফাইল সফরকে কেন্দ্র করে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করা হয়েছে। আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি একটি বিশেষ প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে পৌঁছানোর পর বিমানবন্দরে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়। আরাগচি ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।
অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদলের সদস্য স্টিভ উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার আজ পাকিস্তানে পৌঁছাবেন। তাদের আগমনকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা আরও বেড়েছে।
আরও পড়ুন<<>>ইরানে ২৪০ গুপ্তচর গ্রেফতার
এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইরানি পররাষ্ট্রমন্ত্রী শুধু পাকিস্তানের শীর্ষপদের কর্মকর্তাদের সঙ্গেই বৈঠক করবেন। তিনি বলেছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের মতামত শুধু পাকিস্তানকে জানানো হবে।
এর আগে ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, কমকর্তারা এখন তাদের সঙ্গেই আলোচনা করছেন যারা ইরানের ক্ষমতায় রয়েছে।
তিনি দাবি করেছেন, ইরানিরা একটি প্রস্তাব দিতে যাচ্ছে, আমাদের সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































