Apan Desh | আপন দেশ

ইরানি জাহাজে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি 

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২১, ২০ এপ্রিল ২০২৬

আপডেট: ০৯:৪৪, ২০ এপ্রিল ২০২৬

ইরানি জাহাজে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি 

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অবরোধ অগ্রাহ্য করার অভিযোগে ইরানের একটি কার্গো জাহাজে হামলা চালিয়ে আটক করেছে মার্কিন বাহিনী। এ ঘটনার পরই কড়া ভাষায় পাল্টা জবাব হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর ফলে দুই দেশের মধ্যে চলা যুদ্ধবিরতি টিকে থাকবে কি না, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-এর বরাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের খাতাম আল-আনবিয়া সামরিক সদর দফতর জানায়, ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে ‘সামুদ্রিক জলদস্যুতার’ মাধ্যমে জাহাজটিতে গুলি চালায় এবং ডেকে মেরিন সেনা মোতায়েন করে জাহাজটির নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয়। একই সঙ্গে জাহাজটি জব্দ করার বিষয়টিও নিশ্চিত করা হয়। ইরান আরও সতর্ক করে বলেছে, তাদের সশস্ত্র বাহিনী এই ঘটনার বিরুদ্ধে দ্রুতই পাল্টা পদক্ষেপ নেবে।

এরআগে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, অবরোধ ভেঙে প্রবেশের চেষ্টা করা একটি জাহাজকে হেফাজতে নিয়েছে মার্কিন নৌবাহিনীর সদস্যরা।

আরও পড়ুন<<>>ফের আলোচনায় বসা নিয়ে অবস্থান জানালো ইরান

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স ওমান উপসাগরে ‘তুসকা’ জাহাজটিকে আটক করে এবং তাদের থামার জন্য নির্দেশ দেয়। তবে জাহাজটি সতর্কবার্তা অমান্য করলে নৌবাহিনী সেটিকে অচল করে দেয়।

তিনি আরও দাবি করেন, বর্তমানে জাহাজটি মার্কিন মেরিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এতে অবৈধ কার্যকলাপের অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায়ও জাহাজটি ছিল বলে উল্লেখ করেন তিনি।

ইরানের সেনাবাহিনী বলেছে, জাহাজটি চীন থেকে ফিরছিল। দেশটির সরকারি সংবাদমাধ্যমে একজন সামরিক মুখপাত্র বলেছেন, অচিরেই যুক্তরাষ্ট্রের এ সশস্ত্র জলদস্যুতার জবাব দেবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী।

যুক্তরাষ্ট্রের অবরোধ, হুমকি দেয়া বক্তব্য, ওয়াশিংটনের ঘনঘন অবস্থান বদল ও 'মাত্রাতিরিক দাবি'র জেরে দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় বসতে রাজি হয়নি বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়