Apan Desh | আপন দেশ

ধ্বংস হলো মার্কিন তিন যুদ্ধবিমান 

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৭, ২ মার্চ ২০২৬

ধ্বংস হলো মার্কিন তিন যুদ্ধবিমান 

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র তাদের তিনটি এফ-১৫ যুদ্ধবিমান হারিয়েছে। কুয়েতে পরিচালিত এক সামরিক অভিযানের সময় এসব যুদ্ধবিমান ভূপাতিত হয়। সোমবার (০২ মার্চ) মার্কিন সামরিক কমান্ড সেন্টকম এ তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকম জানায়, সংঘর্ষ পরিস্থিতিতে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার চেষ্টা করছিল। এসময় ভুলবশত মার্কিন তিনটি এফ-১৫ স্ট্রাইক ইগল যুদ্ধবিমান লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

তবে বিমানে থাকা ছয়জন পাইলট প্যারাশুট ব্যবহার করে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। মার্কিন পক্ষ জানিয়েছে, কুয়েত সরকার ঘটনাটি স্বীকার করেছে এবং এ বিষয়ে যৌথ তদন্ত চলছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমানগুলো আকাশে ঘুরতে ঘুরতে আগুন ধরে মাটিতে পড়ে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভিডিওটি কুয়েতের আল জাহরা এলাকার।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যৌথ সংঘর্ষের তৃতীয় দিনে ঘটনাটি ঘটে। রোববার (০১ মার্চ) কুয়েতের আকাশে তিনটি যুদ্ধবিমান একে একে বিধ্বস্ত হয়।

প্রথমদিকে ধারণা করা হয়েছিল, বিমানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে। পরে যুক্তরাষ্ট্র তা অস্বীকার করে জানায়, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুল শনাক্তকরণের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভুলবশত বিমানগুলো ভূপাতিত হলেও ক্রুরা সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় কুয়েতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন <<>> খামেনির পর মার গেলেন তার স্ত্রী মানসুরেহ

বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে পরিচিত এফ-১৫ স্ট্রাইক ইগল। আকাশযুদ্ধে এ ধরনের বিমান অতীতে ১০৪টি শত্রু বিমান ভূপাতিত করেছে। শব্দের গতির প্রায় আড়াই গুণ বেশি গতিতে উড়তে সক্ষম এ যুদ্ধবিমান প্রায় ৬৫ হাজার ফুট উচ্চতায় পৌঁছাতে পারে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, কুয়েতে ধ্বংস হওয়া মার্কিন বিমানগুলো তাদের লক্ষ্যবস্তু ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সেন্টকম জানায়, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থল, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে পরিচালিত হয়। দেশটির প্রতিরক্ষা প্রযুক্তি মূলত বিদেশ থেকে সংগ্রহ করা। এর মধ্যে রয়েছে মার্কিন তৈরি প্যাট্রিয়ট (PAC-2 ও PAC-3) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ইতালির স্পাডা-২০০০ এবং নরওয়ের নাসামস প্রতিরক্ষা ব্যবস্থা।

ইরানের হামলা প্রতিহত করতে প্রধানত প্যাট্রিয়ট মিসাইল ব্যবহৃত হচ্ছিল। ফলে ধারণা করা হচ্ছে, ওই প্রতিরক্ষা ব্যবস্থার ভুল শনাক্তকরণের কারণেই মার্কিন তিনটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়