Apan Desh | আপন দেশ

খামেনি হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪, ১ মার্চ ২০২৬

আপডেট: ২০:১৬, ১ মার্চ ২০২৬

খামেনি হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে। আমেরিকা-ইসরায়েল যৌথ হামলায় তিনি নিহত হন। এ হত্যার প্রতিবাদে বাংলাদেশ, কাশ্মীর এবং পাকিস্তানসহ বেশ কিছু দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

রোববার (০১ মার্চ) বিকেলে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশ করে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর ও কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের নায়েবে আমীর ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালিয়েছে এবং দেশটির শীর্ষ নেতৃত্ব ও সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে। তারা হামলা বন্ধের দাবি জানান এবং জাতিসংঘ ও ওআইসির কার্যকর ভূমিকার আহবান জানান।

ইনোই সংবাদ অনুযায়ী, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর প্রধান চত্বরে হাজারো শিয়া মুসলিম বিক্ষোভ করেছেন। বিক্ষোভে ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছেন। এসময় বিক্ষোভকারীদের হাতে ছিল লাল, কালো ও হলুদ রঙের পতাকা। সমাবেশ বেশিরভাগ সময় শান্তিপূর্ণ হলেও আবেগঘন পরিবেশ ছিল। বিক্ষোভকারীরা মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানের করাচিতেও এ দিন ব্যাপক বিক্ষোভ হয়েছে। মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসন সড়ক নিরাপত্তা ও জনসাধারণের নিরাপত্তা জোরদার করেছেন।

আরও পড়ুন <<>> ইরানে হামলায় মুখ খুললো উত্তর কোরিয়া

বিক্ষোভগুলোতে বক্তারা বলেন, ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। হামলা আন্তর্জাতিক ন্যায়বিচার ও মানবাধিকারের পরিপন্থী। আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়েছে।

এছাড়া আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার প্রতিবাদে কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র। একই সঙ্গে এ হত্যাকাণ্ড মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধঘোষণা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া মতাদর্শের একজন বিশিষ্ট নেতার এ হত্যাকাণ্ড বিশ্বের সব প্রান্তের মুসলিম ও বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হচ্ছে। সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেয়া ইসলামিক রিপাবলিকের একটি অধিকার এবং বাধ্যবাধকতা। 

তিনি বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরান এ ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী এবং হোতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়াকে তার বৈধ কর্তব্য ও অধিকার বলে মনে করে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়