ছবি: আপন দেশ
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশব্যাপী হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আগামী বাজেটে স্বাস্থ্যখাতে ১ শতাংশ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। বাজেট পাস হলে দেশের হাসপাতালগুলোকে ধাপে ধাপে প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে সমৃদ্ধ করা হবে।
বুধবার (২০ মে) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে তেমন কিছু কেনা হয়নি শুধু লুটপাট হয়েছে। ফ্যাসিস্ট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারও এ খাতে নজর দেয়নি। আমরা ইনশাআল্লাহ বাজেট বৃদ্ধি করছি। বাজেট পাস হলে আগামী অর্থবছরে হাসপাতালগুলোতে যতটুকু সম্ভব আধুনিক মেশিন ও সরঞ্জাম সরবরাহ করা হবে।
তিনি বলেন, আগামী পাঁচ মাসের মধ্যে খুলনাসহ দেশের পাঁচ বিভাগীয় শহরে নির্মাণাধীন অত্যাধুনিক পাঁচটি শিশু হাসপাতাল চালু করা হবে। এতে শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত তৈরি হবে।
তিনি আরও বলেন, ঈদের পর দেশের প্রতিটি উপজেলায় একজন প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ১০ জন সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি হাসপাতাল ইউনিটে আনসার সদস্য নিয়োগ দেয়া হবে।
আরও পড়ুন <<>> হামের প্রাদুর্ভাব, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, হাসপাতালের শৌচাগার ব্যবহারের অনুপযোগী। পুরো হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি নিয়মিত তদারকি করা হবে।
জনবল সংকট নিরসনে ঈদের পর এক লাখ জনবল নিয়োগের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন নিয়োগে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ থাকবেন। এছাড়া বিশেষ বিসিএসের মাধ্যমে আরও চিকিৎসক নিয়োগ দেয়া হবে।
আপন দেশ/এসএস




































