ছবি: আপন দেশ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের সব জেলা হাসপাতালে আইসিইউ সেবা নিশ্চিত করা গেলে কেন্দ্রীয় হাসপাতালগুলোর ওপর চাপ অনেকাংশে কমে আসবে। তিনি বলেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে হামের সংক্রমণ কমে আসবে।
সোমবার (০৪ মে) রাজধানীর বনানীতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে হামের প্রকোপ মোকাবিলায় বিশেষায়িত ওয়ার্ড স্থাপন করা হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় এর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আগামী চার-পাঁচ দিনের মধ্যে হামের সংক্রমণ কমে আসবে। একই সঙ্গে আমরা আসন্ন ডেঙ্গু ঝুঁকি সামলাতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।
তিনি বলেন, একটি ভ্যাকসিনের কার্যকারিতা শুরু হতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে। তবে বর্তমান পদক্ষেপের ফলে দ্রুতই সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে।
তিনি আরও বলেন, দেশে ব্রেস্ট ফিডিং বা বুকের দুধ খাওয়ানোর হার কমে যাওয়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। ফলে পুষ্টির অভাবে বাচ্চারা নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। এছাড়া বিগত সরকার পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রেখে যায়নি। তবে বর্তমান সরকারের কূটনৈতিক তৎপরতায় বিদেশি বন্ধুরাষ্ট্র ও দাতা সংস্থাগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন <<>> হাম টিকাদানে ৮১ শতাংশ অগ্রগতি অর্জিত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
মন্ত্রী জানান, বুধবার (০৬ মে) ভ্যাকসিনের একটি বড় চালান দেশে পৌঁছাবে। হামের বর্তমান চাপ সামলে ওঠার পরপরই দেশজুড়ে নিয়মিত টিকাদান ক্যাম্পেইন শুরু করার ঘোষণা দেন তিনি।
সেমিনারে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আপন দেশ/এসএস




































