Apan Desh | আপন দেশ

হামের চিকিৎসায় শয্যা বাড়ানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৪, ২৩ এপ্রিল ২০২৬

হামের চিকিৎসায় শয্যা বাড়ানোর নির্দেশ

দেশে হামের রোগী বাড়তে থাকায় সরকারি হাসপাতালগুলোকে রোগী ফেরত না দিয়ে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শয্যা সংকটের কারণ দেখিয়ে কোনও রোগীকে অন্য জায়গায় পাঠানো যাবে না বলেও নির্দেশনা দেয়া হয়।

স্বাস্থ্য অধিদফতরের মহাখালী কার্যালয় থেকে ২১ এপ্রিল জারি করা এ নির্দেশনার বিষয়টি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় সব সরকারি হাসপাতালকে দ্রুত এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে। 

আরও পড়ুন<<>>সবার প্রচেষ্টায় হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে : স্বাস্থ্যমন্ত্রী

নির্দেশনায় বলা হয়, হাসপাতালে আসা হাম বা হাম-উপসর্গের রোগীদের ক্ষেত্রে শয্যা খালি না থাকলেও ফিরিয়ে দেয়া যাবে না। প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে। তবে জটিল অবস্থা হলে উন্নত চিকিৎসার জন্য রোগীকে রেফার করা যাবে।

রেফার করার ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের নির্ধারিত রেফারাল চেইন অনুসরণ করতে হবে। এ নিয়ম না মানলে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানকে দায় বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপন দেশ/এসআর

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়