Apan Desh | আপন দেশ

ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৫, ২৩ আগস্ট ২০২৬

ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

ছবি: আপন দেশ

ময়মনসিংহে প্রাণী চিকিৎসক ডা. মো. আশিকুর রহমান ও ডা. মো. আব্দুল হান্নানের ওপর হামলার প্রতিবাদের মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জানিয়েছেন তারা।

রোববার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে চিকিৎসকদের ওপর হামলা, চেম্বারে ভাঙচুর ও চিকিৎসাসেবা বাধাগ্রস্ত করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে হামলায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী বুরহান উদ্দিন সিয়াম বলেন, একজন প্রাণী চিকিৎসকের ওপর যেভাবে অতর্কিত হামলা করা হয়েছে, আমরা সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানাই। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহবান, ঘটনার পেছনে যারা জড়িত, তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। 

আরও পড়ুন<<>>কালীগঞ্জের তোয়ালে শিল্প: ঐতিহ্য আর জীবিকার গল্প

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, দুই ভেটেরিনারি চিকিৎসক ডা. মো. আব্দুল হান্নান ও ডা. মো. আশিকুর রহমান শারীরিকভাবে হামলার শিকার হয়েছেন। আমরা ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করি, সরকার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যারা দায়ী তাদের অতিসত্বর গ্রেফতার করে বিচারের আওতায় আনবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, তাদের এ সেবাকে অগ্রাহ্য করে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে তাদের ওপর আক্রমণ করা হয়েছে। ভিডিওতে আপনারা দেখেছেন, তাদের চেম্বারে ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও প্রাক্তন ছাত্র হিসেবে ঘটনাটি আমাকে যেমন ব্যথিত করেছে, একই সঙ্গে একজন ভেটেরিনারিয়ান হিসেবেও আমি অত্যন্ত ব্যথিত ও মর্মাহত।

তিনি বলেন, সারা দেশে মানুষ এখন অনেক পেট অ্যানিমেল পালন করেন। এগুলো তাদের পরিবারের একজন সদস্যের মতো হয়ে উঠেছে। দেশের প্রতিটি শহরেই এখন প্রাইভেট প্র্যাকটিস গড়ে উঠেছে। যে ধরনের ন্যক্কারজনক হামলা হয়েছে, তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং চেম্বার ভাঙচুর করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ উদ্দিন ভুঁঞা, অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম, অধ্যাপক ড. জয়ন্ত ভট্টাচার্য, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. বাবুল চন্দ্র রায়, ড. অনিতা রানী দে, সহযোগী অধ্যাপক ড. শারমিন শহীদ লাবনী, ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইকরামুল হকসহ বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়