ছবি : সংগৃহীত
চলতি মে মাসে চট্টগ্রাম বন্দরে ১৪টি তেলবাহী জাহাজ এসেছে। মাসের বাকি সময়ে আরও ৫টি জাহাজ আসার কথা রয়েছে। শুক্রবার (১৫ মে) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশনস) মোহাম্মদ জাহিদ হোসাইন এ তথ্য জানান।
মোহাম্মদ জাহিদ হোসাইন বলেন, এ পর্যন্ত ১৪টি তেলবাহী জাহাজ দেশে পৌঁছেছে। বাকি দিনগুলোতে আরও ৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করবে।
বিপিসির তথ্যমতে, মোট ১৯টি জাহাজে আসা জ্বালানির মধ্যে রয়েছে ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ডিজেল, ৬৭ হাজার টন জেট ফুয়েল, ২৬ হাজার ৫০০ টন অকটেন এবং ৭৫ হাজার টন ফার্নেস অয়েল।
তিনি জানান, আগামী জুন মাসের জন্য এখন পর্যন্ত ১৬টি পরিশোধিত ও অপরিশোধিত তেলবাহী জাহাজ নিশ্চিত করা হয়েছে। দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকার নিয়মিতভাবে তেল আমদানি করছে।
তিনি বলেন, আজও একটি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করার কথা রয়েছে।
আরও পড়ুন <<>> ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা
বিপিসি জানিয়েছে, ডিজেল, জেট ফুয়েল, অকটেন ও অপরিশোধিত তেলবাহী জাহাজ নিয়মিতভাবে চট্টগ্রামে আসছে। এটি সরকার ও বিপিসির চলমান কার্যক্রমের অংশ। সংস্থাটির দাবি, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে।
এদিকে ‘এমটি ফসিল’ নামের একটি জাহাজ ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে গত সোমবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে জাহাজটি আগামী ২৩ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।
এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি তেলবাহী জাহাজ কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































