দেশের জ্বালানি চাহিদা মেটাতে জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে তিনটি বড় জাহাজ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে চীন থেকে আসা ‘শিং তং ৭৯৯’ নামের জাহাজটি ৩৪ হাজার ৬৬৭ মেট্রিক টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরের বহির্নোঙরে নোঙর করে। একই সঙ্গে ডিজেল বহনকারী আরও দুটি জাহাজও বন্দরে অবস্থান করছে।
এর আগে ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামের একটি ট্যাংকার বন্দরে পৌঁছায়।
স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, চীনের পতাকাবাহী জাহাজটি বহির্নোঙরে পৌঁছানোর পরপরই লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে। জাহাজের ওজন কমিয়ে ড্রাফট উপযোগী করা হলে দুই-এক দিনের মধ্যে সেটিকে জেটিতে আনা হবে।
আরও পড়ুন <<>> ‘২০ হাজার কোটি টাকা ছাপিয়ে দেয়ার খবর সঠিক নয়’
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী ‘প্রিভে অ্যাঞ্জেল’ ট্যাংকার শনিবার ভোরে বন্দরে ভিড়েছে। এর আগের দিন তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে পাকিস্তানি পতাকাবাহী ‘এমটি কোয়েটা’ বহির্নোঙরে আসে।
বন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিশোধিত জ্বালানি তেল নিয়ে আসা একাধিক জাহাজ বর্তমানে জেটি ও বহির্নোঙরে অবস্থান করছে। এসব জাহাজ থেকে দ্রুত জ্বালানি খালাসের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































