ছবি : আপন দেশ
সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল কাইয়ুম চৌধুরী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। এসময় দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সবাইকে নিয়ে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়তে চাই। নগরবাসীর সেবা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। অগ্রাধিকার ভিত্তিতে মশামুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়তে চাই।’
তিনি আরও বলেন, ‘নতুন মন্ত্রিসভায় সিলেটের দুইজন মন্ত্রী রয়েছেন। শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও জনশক্তি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা নিয়ে নগরবাসীর সর্বোচ্চ সেবা ও উন্নয়ন নিশ্চিত করব।’
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে যে তথ্য জানালেন বাণিজ্যমন্ত্রী
এর আগে বেলা সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। দুপুরে নগরভবনে এসে পৌঁছালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সচিব বিশ্বজিত দেব ফুল দিয়ে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































