Apan Desh | আপন দেশ

পূজা মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রংপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৮, ২১ অক্টোবর ২০২৬

পূজা মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবি: আপন দেশ

রংপুরের কাউনিয়ায় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত প্যান্ডেল ও লাইটিংয়ের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল উদ্দিন (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

​বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চৈতার মোড় দিঘলটারী দুর্গা মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত শাকিল উদ্দিন ওই ইউনিয়নের মন্ডলটারী মধুপুর গ্রামের জাহিদুল ইসলাম ও সাজেদা বেগম দম্পতির ছেলে। তিনি মধুপুর বাজারের ‘মাহিন সাউন্ড অ্যান্ড ডেকোরেটরে’ কর্মরত ছিলেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে নির্মিত প্যান্ডেল, ইলেকট্রিক ও লাইটিং সরঞ্জামাদি খুলে নেয়ার জন্য মাহিন সাউন্ড অ্যান্ড ডেকোরেটরের পক্ষ থেকে সকাল আটটার দিকে শাকিল মন্দিরে যান। প্যান্ডেল খোলার কাজ শেষ করে বিদ্যুতের লাইন ও লাইটিং সরঞ্জামাদি অপসারণের উদ্দেশ্যে জেনারেটরে হাত দেয়ার সময় তিনি আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।

আরও পড়ুন<<>>ঢাকা-চট্টগ্রাম লেনে ট্রেন চলাচল বন্ধ

​এসময় মন্দিরে উপস্থিত লোকজন এবং দায়িত্বরত আনসার সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি বাদল কুমার মন্ডল বলেন, প্যান্ডেল ও লাইটিংয়ের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়