Apan Desh | আপন দেশ

বিরোধের জেরে ধানগাছ বিনষ্টের অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৫, ২৯ আগস্ট ২০২৬

বিরোধের জেরে ধানগাছ বিনষ্টের অভিযোগ

ছবি: আপন দেশ

বগুড়ার আদমদীঘিতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে রাতের আঁধারে ফসলের জমিতে রোপণ করা ধানগাছ ও ধানের চারা বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জমির মালিকানা দাবিদার নওমুসলিম হাছান সরদার। যার আগের নাম ছিল নিমাই চন্দ্র দেবনাথ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার নসরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হাছান সরদার ওরফে নিমাই চন্দ্র দেবনাথ বৃহস্পতিবার দুপুরে একই গ্রামের আটজনকে প্রতিপক্ষ করে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দত্তবাড়িয়া গ্রামের হাছান সরদার ওরফে নিমাই চন্দ্র দেবনাথের সঙ্গে একই গ্রামের এনামুল করিমসহ কয়েকজনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। বিরোধপূর্ণ ওই জমিতে চলতি মৌসুমে হাছান সরদার রোপা-আমন ধান রোপণ করেন। এছাড়াও কিছু ধানের চারা ওই জমিতে রেখে দেন। 

আরও পড়ুন<<>>শ্বশুরকে হত্যা করে জামাইয়ের আত্মসমর্পণ

অভিযোগে বলা হয়, মঙ্গলবার  দিবাগত রাতে প্রতিপক্ষরা বিরোধপূর্ণ ওই জমির প্রায় ৪০ শতক এলাকায় অনধিকার প্রবেশ করে। পরে রোপণ করা ধানগাছ তুলে ফেলে। উপরুন্ত অনেক ধানের চারাগাছ নষ্ট করে। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।

তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের শাকিল সরদার বলেন, বিরোধপূর্ণ ওই জমিতে ফসল ফলানোর ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। সেখানেকে ধান রোপণ করেছে কিংবা কারা ধানগাছ ও চারা বিনষ্ট করেছে, তা আমার জানা নেই।

অভিযোগকারী হাছান সরদার ওরফে নিমাই চন্দ্র দেবনাথ বলেন, আমি নিজেই বিরোধপূর্ণ জমির কিছু অংশে ধান রোপণ করেছি। আর কিছু ধানের চারা জমিতে রেখেছিলাম। কিন্তু রাতের আঁধারে সেগুলো বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা আদমদীঘি থানার এসআই আব্দুর রহমান বলেন, বিরোধপূর্ণ ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও কেউ ধানগাছ ও চারা বিনষ্ট করে থাকলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়