Apan Desh | আপন দেশ

মরদেহের সুরতহাল করতে গিয়ে হামলার শিকার পুলিশ

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৬, ২৬ আগস্ট ২০২৬

মরদেহের সুরতহাল করতে গিয়ে হামলার শিকার পুলিশ

ছবি: আপন দেশ

নাটোরের গুরুদাসপুরে নদী থেকে উদ্ধার দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই)সহ এক কনস্টেবল। পরে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে ওই দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন গুরুদাসপুর থানার এসআই আবুল বাশার ও কনস্টেবল মো. রাকিব।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

এর আগে বিকেলে নন্দকুজা নদী থেকে ফারহান ইসলাম (৭) ও লাম হোসেন (৮) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ফারহান ওই এলাকার ফজলুর রহমানের ছেলে এবং লাম বাবলু হোসেনের ছেলে।  

আরও পড়ুন<<>>মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের নন্দকুজা নদীতে গোসল করতে নামে শিশু দুজন। কিছুক্ষণ পর নদীর স্রোতে তারা তলিয়ে যায়। ঘটনাটি দেখে অর্জুন হালদার নামে এক ব্যক্তি তাদের উদ্ধারে নদীতে নামেন। পরে স্থানীয়দের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

পরে বিকেলে শিশু দুটির জানাজার প্রস্তুতি চলছিল। এ সময় তদন্তের অংশ হিসেবে সুরতহাল করতে ঘটনাস্থলে যান এসআই আবুল বাশার ও কনস্টেবল মো. রাকিব। তারা মরদেহের সুরতহাল করতে এগিয়ে গেলে স্বজন ও স্থানীয়রা বাধা দেন। এ নিয়ে একপর্যায়ে তাদের সঙ্গে স্থানীয়দের তর্ক-বিতর্ক হয়।

পরে স্থানীয়দের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। তাদের মারধর করে পাশের একটি মাদ্রাসায় নিয়ে আটকে রাখা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। 

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, হামলার শিকার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। 

তিনি বলেন, শিশু দুটির পানিতে ডুবে মৃত্যু হয়েছে। জানাজার শুরুর ঠিক আগ মুহূর্তে ওই দুই পুলিশ সদস্য সুরতহাল করতে সেখানে যান। স্থানীয়দের তারা বিষয়টি বোঝাতে সক্ষম হননি। দায়িত্ব পালনে গাফিলতির কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়