Apan Desh | আপন দেশ

প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়ে হাত হারালেন তরুণী

মেহেরপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:০৫, ২৬ আগস্ট ২০২৬

প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়ে হাত হারালেন তরুণী

ছবি : আপন দেশ

মেহেরপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক তরুণীর ডান হাত কেটে বিচ্ছিন্ন করে দেয়ার অভিযোগ উঠেছে সায়ন নামে এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে তার বাবা ও মাকেও ধারাল দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ২টার দিকে শহরের প্রাণকেন্দ্র লর্ড মার্কেট এলাকার প্রধান সড়কের পাশে স্মৃতিদের বাড়িতে এ ঘটনা ঘটে। 

আহত স্মৃতি ওই এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের মেয়ে। অভিযুক্ত সায়ন শহরের মল্লিকপাড়ার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।

স্মৃতির বাবা সেলিম হোসেন জানান, তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী। বাইরে বের হলে সায়ন তাকে বিরক্ত করতেন। বিষয়টি স্মৃতি তাকে জানালে তিনি সায়নের বাবাকে অভিযোগের কথা জানান। এরপরও স্মৃতিকে প্রেমে রাজি করাতে সায়ন হুমকি দিতেন বলে অভিযোগ করেন তিনি।

সেলিম হোসেন বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে সায়ন বাড়ির প্রাচীর টপকে ঘরে ঢুকে স্মৃতির কক্ষে প্রবেশ করেন। এরপর ধারাল অস্ত্র দিয়ে মেয়েকে কুপিয়ে তার ডান হাত বিচ্ছিন্ন করে দেন। মেয়ের চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে সায়ন ডাব কাটার ধারালো দা দিয়ে তাদের ওপরও হামলা চালান। পরে তিনি পালিয়ে যান।

আরও পড়ুন<<>>ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

স্মৃতির মা রেবেকা খাতুন বলেন, মেয়ের চিৎকার শুনে কক্ষে গিয়ে তিনি দেখেন, দায়ের কোপে মেয়ের ডান হাত বিচ্ছিন্ন হয়ে মেঝেতে পড়ে আছে। রক্তাক্ত অবস্থায় স্মৃতি মেঝেতে কাতরাচ্ছিলেন। তারা সায়নকে প্রতিরোধ করতে গেলে সায়ন তাদেরও কুপিয়ে আহত করে পালিয়ে যান।

হামলায় সেলিম হোসেনের পিঠে এবং রেবেকা খাতুনের বাম হাতে গুরুতর জখম হয়েছে।

স্থানীয় প্রতিবেশী বরকত উল্লাহ তরু জানান, গভীর রাতে চিৎকার শুনে তারা ঘটনাস্থলে এগিয়ে যান। এ সময় বাড়ি থেকে এক যুবককে পালিয়ে যেতে দেখেন। পরে ঘরে গিয়ে স্মৃতিকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তার বিচ্ছিন্ন হাতটি মেঝেতে পড়ে ছিল। পাশেই পড়ে ছিল ডাব কাটার কাজে ব্যবহৃত রক্তমাখা ধারাল দা। এ সময় স্মৃতির বাবা-মাকেও রক্তাক্ত অবস্থায় দেখতে পান তারা। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং পুলিশকে খবর দেন।

চিকিৎসকেরা জানান, গুরুতর আহত স্মৃতি, তার বাবা সেলিম ও মা রেবেকাকে হাসপাতালে নেয়ার পর রক্তক্ষরণ বন্ধে জরুরি চিকিৎসা দেয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ ও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে গিয়ে আহতদের কাছ থেকেও ঘটনার বিবরণ নেয়া হয়েছে। হামলায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, অভিযুক্ত সায়নকে গ্রেফতারে রাত থেকেই অভিযান শুরু হয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে।

আপন দেশ/

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়