Apan Desh | আপন দেশ

স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

মুন্সিগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:৩৯, ২০ আগস্ট ২০২৬

স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

ফাইল ছবি

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টায় তিনি মুন্সিগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি পান। মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ প্যারোলের সময় নির্ধারণ করা হয়েছে। কারাগারের নিয়ম অনুযায়ী কড়া নিরাপত্তার মধ্যে পুলিশি পাহারায় তাকে কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফেরত আনা হবে।

বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে তাকে মুন্সীগঞ্জ কারাগার থেকে ভ্যানে করে কঠোর পুলিশি পাহারায় ঢাকায় নিয়ে আসা হয়। কলাবাগান থানার ওসি ফজলে আশিক বলেন, কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টা ২০ মিনিটে  দীপু মনি কলাবাগানের বাসায় পৌঁছান। তিনি এখন সেখানেই আছেন। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি।

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, তারা চার দিনের প্যারোল চেয়ে আবেদন করেছিলেন। তবে জেলা ম্যাজিস্ট্রেট দিনের আলোর ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছেন।

আরও পড়ুন<<>>সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপু মনি। স্বামীর মৃত্যুর পর তার প্যারোলে মুক্তির জন্য বুধবার সকালে মুন্সিগঞ্জ জেলা কারাগারে যান তার মেয়ে তানী দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। সেখানে তানী দীপাবলি তার মায়ের সঙ্গে দেখা করেন। পরে তারা প্যারোলে মুক্তির আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ গত মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্যারোলে মুক্তির আইনগত ভিত্তি সম্পর্কে জানিয়ে আইনজীবী ফয়সাল ইসলাম বলেন, কারা আইন ও কারাবিধিতে দিনের আলোতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির বিধান আছে। এ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ার আছে। সে বিধান অনুযায়ী তারা ১২ ঘণ্টার প্যারোল পেয়েছেন। তিনি বলেন, আমরা আইনগতভাবেই এ প্যারোল পেয়েছি। সরকার চাইলে এর চেয়ে বেশি সময়ের জন্যও প্যারোলে মুক্তি দিতে পারত।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার হন দীপু মনি। সে ঘটনায় দায়ের হওয়া মামলায় দীর্ঘদিন ধরে তিনি মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement