ছবি : আপন দেশ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে।
রোববার (০৯ আগস্ট) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, রোববার আনুমানিক রাত ৩টা ১০ মিনিটের দিকে সীমান্ত দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা তিন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। ওই তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী ছিলেন। বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে পড়েন তারা।
এসময় বিজিবি সদস্যরা শূন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে ওই তিনজন সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন। বিজিবির অবস্থান টের পেয়ে ভোর ৫টা ২০ মিনিটের দিকে তারা ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান।
পরে সকাল ৭টা ৫৫ মিনিটে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ৬৮/৫-এস সীমান্ত পিলার বরাবর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যান।
আরও পড়ুন : মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
৫৮ বিজিবি ব্যাটালিয়েনের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, তাদের তৎপরতায় বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































