ছবি: আপন দেশ
মাদারীপুর শহরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত রাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সোমবার (১৮ মে) সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও তাদের ৮ মাসের শিশু সন্তান।
আরও পড়ুন<<>>টাঙ্গাইলে পানিতে ডুবে সহোদর দুই ভাইয়ের মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় প্রায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে মিষ্টির চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে ওই বাসায় আসেন। মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































