Apan Desh | আপন দেশ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৭, ৮ এপ্রিল ২০২৬

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে নিহত আলী হোসেন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।​বুধবার (০৮ মার্চ) ভোররাতে উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের পানিয়ার টারি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধীন ধবলগুড়ি বিওপির ৮৭৪/৫-এস সীমান্ত পিলারের কাছে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে দুই দফা গুলির শব্দ শোনা যায়।

সূত্র আরও জানায়, ৭-৮ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করলে তারা প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়ে। এক পর্যায়ে বিএসএফ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটলে বিএসএফ গুলি চালায়। এতে আলী হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় বিএসএফ সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নিয়ে ভারতীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন<<>>যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নৃশংস হামলা

ঘটনার পর সকাল সাড়ে ৬টার দিকে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়েছে।

​৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম সাংবাদিকদের বলেন, ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে সোমবার (০৬ এপ্রিল) সকালে একই উপজেলার ধবলসুতি বিওপির সীমান্তের কাছে গাটিয়ার ভিটা এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হন। 

এ ঘটনার জেরে স্থানীয়রা ভারতীয় এক নাগরিককে দুটি গরুসহ আটক করে নিয়ে আসে বলে জানান পাটগ্রাম থানার ওসি নাজমুল হক।

পরে ওই দিন বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে এক বৈঠকের পর আটক ভারতীকে ফেরত দেয়া হয় বলে জানান তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়