Apan Desh | আপন দেশ

যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নৃশংস হামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:২৬, ৮ এপ্রিল ২০২৬

যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নৃশংস হামলা

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুরের রামগতিতে যৌতুকের জন্য স্ত্রীর শারমিন আক্তারের ওপর নৃশংস হামলা করা হয়েছে। হামলার শিকার শারমিন আক্তার (২১)। তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (০৫ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে গাজী সমাজ এলাকার সেলিম মিয়ার বাড়িতে রাত আনুমানিক ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুর রহমান (২৫), পেশায় একজন ইটভাটার শ্রমিক। দীর্ঘদিন ধরে স্ত্রীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায়ই শারমিনকে শারীরিক নির্যাতন করতেন তিনি।

ঘটনার রাতে বিরোধের জেরে আব্দুর রহমান ধারালো চাপাতি দিয়ে শারমিনের ওপর হামলা চালান। এসময় মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলে শারমিনের মা মিনারা বেগমকেও (৫৫) আঘাত করা হয়। এতে তিনিও গুরুতর আহত হন।

নৃশংস এ হামলায় শারমিনের হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নেয়া হলেও এখনো তার জ্ঞান ফেরেনি এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন <<>>সিলেটে ভূমিকম্প অনুভূত

ভুক্তভোগীর মা মিনারা বেগম অভিযোগ করেন, আব্দুর রহমান মাদকাসক্ত এবং প্রায়ই মাদক সেবনের পর শারমিনের ওপর নির্যাতন চালাতেন।

ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, দ্রুত অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়েছে এবং ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়