Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে ট্রাকের ধাক্কায় বাংলাদেশি তরুণী নিহত

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ৩১ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রে ট্রাকের ধাক্কায় বাংলাদেশি তরুণী নিহত

নিশাত জান্নাত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাস্তা পারাপারের সময় একটি ময়লার ট্রাকের ধাক্কায় বাংলাদেশি এক তরুণী নিহত হয়েছেন। নিহত তরুণীর নাম নিশাত জান্নাত। তার বয়স ১৯ বছর। তিনি নিউইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং জ্যামাইকায় পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।

স্থানীয় সময় রোববার (২২ মার্চ) রাত ১২টার দিকে জ্যাকসন হাইটসের কাছে উডসাইড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে একটি ময়লার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি রুজভেল্ট অ্যাভিনিউ ধরে পশ্চিম দিকে যাচ্ছিল এবং ৬২ স্ট্রিটের উত্তরমুখী লেইনে ডান দিকে মোড় নেয়ার সময় নিশাতকে আঘাত করে। জরুরি চিকিৎসাসেবা (ইএমএস) কর্মীরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।

ট্রাকটির চালক ৩৮ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাত পান। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। নিউইয়র্ক পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে।

আরও পড়ুন<<>>মালয়েশিয়ায় মাঝসমুদ্র থেকে বাংলাদেশিসহ ১৩ পর্যটক উদ্ধার

ট্রাকটির মালিক কোম্পানি রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে বলেছে, তদন্তে তারা পুলিশকে সহযোগিতা করছে। এ ছাড়া এ মর্মান্তিক দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ওয়েস্ট কানেকশন্সের এক মুখপাত্র গভীর শোকা প্রকাশ করেছেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

নিহত নিশাতদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের উত্তর ঘরগাঁওয়ে। তার বাবা হেলাল উদ্দিন স্থানীয় উডসাইডে বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। নিশাতের এক বড় বোন এবং ৪ ও ৯ বছর বয়সী আরও দুই ছোট বোন আছেন। বড় নওশিন বলেন, ‘আমার বোন খুব আশাবাদী ছিল। সবার সঙ্গে কথা বলত এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বলত।

নিশাতের বাবা বলেন, সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় আট বছর আগে এসেছি নিউইয়র্কে। ৪ কন্যার দ্বিতীয় ছিল নিশাত। সিটি কলেজ অব নিউইয়র্কে পড়াশোনার পাশাপাশি কাজ করছিল। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মার্চ) বাদ জোহর বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিউইয়র্কেই তাকে দাফন করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement