মারুফা আক্তার। ছবি : সংগৃহীত
এশিয়া কাপে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। এ পারফরম্যান্সে আইসিসির নারী টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে ওঠে এসেছেন।
তিনি এক লাফে ১৯ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি। এর আগে ২০২৪ সালে র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ২৩ নম্বরে উঠেছিলেন মারুফা।
এবার প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন শীর্ষ ২০ বোলারের তালিকায়। শ্রীলঙ্কার বিপক্ষে তার কার্যকর বোলিংই এ বড় উন্নতির মূল কারণ।
শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ রানের লক্ষ্য রক্ষা করতে পারেনি বাংলাদেশ। তবে ম্যাচটি শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মারুফা। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন এ পেসার। তার বোলিংয়ে ভর করেই একপর্যায়ে ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশি বোলারদের মধ্যে এখন সবচেয়ে ওপরে মারুফাই। একই ম্যাচে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট নেয়া অফস্পিনার সুলতানা খাতুনও র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন। নয় ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে উঠেছেন তিনি।
ব্যাটিং র্যাঙ্কিংয়েও এগিয়েছেন বাংলাদেশের কয়েকজন। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রান করা সোবহানা মোস্তারি তিন ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৩৬তম স্থানে। ২৬ রান করা ওপেনার দিলারা আক্তারের অবস্থানেরও পাঁচ ধাপ উন্নতি হয়েছে; তিনি এখন ৬২তম।
আরও পড়ুন <<>> ডিপিএল মাঠে গড়াবে ফেব্রুয়ারিতে
অধিনায়ক নিগার সুলতানা অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন মাত্র ৪ রান। তবু র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন তিনি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন।
আর ১৪ রান করা জুয়াইরিয়া ফেরদৌস ছয় ধাপ এগিয়ে যৌথভাবে ৯৬তম স্থানে জায়গা করে নিয়েছেন।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৩২তম স্থানে থাকা রাবেয়া খানই সর্বোচ্চ অবস্থানে রয়েছেন।
নারী টি-টোয়েন্টির বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শ্রী চারানি। অলরাউন্ডারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার বেথ মুনিও নিজেদের অবস্থান ধরে রেখেছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































