সারওয়াত সিরাজ শুক্লা। ফাইল ছবি
ক্রীড়াঙ্গনে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা বিষয়ে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সম্মেলন ‘আইডব্লিউজি গ্লোবাল সামিট অন উইমেন অ্যান্ড স্পোর্ট ২০২৬’। এ সম্মেলনে অংশ নিতে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া পরিষদের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি এবং সদ্য নিযুক্ত জেন্ডার ইকুইটি কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।
মর্যাদাপূর্ণ এ তিন দিনব্যাপী বৈশ্বিক সম্মেলন বৃহস্পতিবার (০৯ জুলাই) থেকে ১১ জুলাই যুক্তরাজ্যের বার্মিংহামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে হবে।
বিশ্বের সর্ববৃহৎ এ ক্রীড়া সম্মেলনে ক্রীড়া সংগঠক, নীতিনির্ধারক ও ক্রীড়াবিদসহ ১ হাজার ২০০-এর বেশি আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।
ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বর্তমানে বাংলাদেশ মহিলা ক্রীড়া পরিষদের সভাপতির পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি। এছাড়া দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি ক্রীড়াঙ্গনে নারীদের সার্বিক সুরক্ষা, সমতা ও অধিকার নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের সরকারি কমিটি গঠিত হয়েছে, যার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
দেশজুড়ে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে সরকারের চলমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ উইং গঠনের প্রেক্ষাপটে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন <<>> টেলিভিশনে আজকের যত খেলা
ক্রীড়া পর্যবেক্ষকদের মতে, এ সামিটে তার অংশগ্রহণ বাংলাদেশের ক্রীড়া কূটনীতির ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।
যুক্তরাজ্য সফরের আগে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, বাংলাদেশে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ ও সাফল্য এখন বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। আইডব্লিউজির এ বৈশ্বিক প্ল্যাটফর্মে আমাদের অর্জনগুলো তুলে ধরার পাশাপাশি ক্রীড়াঙ্গনে নারী নেতৃত্ব ও আইনি সুরক্ষার আধুনিক কৌশলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োগ করতে চাই।
তিন দিনের এ সম্মেলনে ব্যারিস্টার সারওয়াত সিরাজ আন্তর্জাতিক ক্রীড়া নীতিনির্ধারক এবং বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির প্রতিনিধিদের সঙ্গে নেটওয়ার্কিং ও বিশেষ আলোচনা সেশনে অংশ নেবেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































