Apan Desh | আপন দেশ

‘সাওদা সুমির সঙ্গে করা আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪১, ৭ এপ্রিল ২০২৬

‘সাওদা সুমির সঙ্গে করা আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে’

ছবি : আপন দেশ

জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ভোলায় জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেফতারের ঘটনায় মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদীরা সব যুগেই নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য প্রতিবাদী জনগণের কণ্ঠ নির্লজ্জ ও নিষ্ঠুরভাবে স্তব্ধ করতে চায়। পরিণতিতে তাদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়।’

জামায়াত আমির বলেন, ‘জানি না, অন্তরে যারা ফ্যাসিবাদ লালন করে, তারা অতীত থেকে শিক্ষা নেবে কি না। লজ্জা, লজ্জা!’

একই ঘটনায় সোমবার (০৬ এপ্রিল) মধ্যরাতে ফেসবুকে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম। তিনি বলেন, ‘ভোলার জামায়াতকর্মী বিবি সাওদাকে গ্রেফতারের ঘটনা পুরনো ফ্যাসিবাদী নিপীড়নেরই অনুকরণ। তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে এভাবে বিনা অপরাধে নিজ বাসা থেকে মধ্যরাতে তুলে নেওয়া কেবল অমানবিক নয়, বরং ভিন্নমত দমনে নবগঠিত সরকারের সুপ্ত মনোবাসনারই বহিঃপ্রকাশ।’

তিনি আরও বলেন, ‘যারা একসময় নিজেরাই ফ্যাসিবাদের শিকার ছিলেন, তাদের শাসনামলে এমন অযৌক্তিক গ্রেফতার ও হয়রানি কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে জামায়াতকর্মী বিবি সাওদার মুক্তি ও সব ধরনের প্রতিহিংসামূলক রাজনৈতিক হয়রানি বন্ধের জোর দাবি জানাচ্ছি। সরকারের মনে রাখা উচিত, ক্ষমতার দাপটে নিপীড়ন শেষ পর্যন্ত কারো জন্যই শুভ হয় না।’

আরও পড়ুন : আজ থেকে সংসদ চলবে ২ বেলা

এর আগে রোববার (০৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেফতার হন বিবি সাওদা। তিনি জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভার নারী কর্মী।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়