ফাইল ছবি
আরও ১০০টি পিংক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করছে। নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াতের সুবিধা বাড়াতে এসব বাস চালু করা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে সেগুলো সোজা ও প্রশস্ত করার ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি নতুন যেসব সড়ক প্রকল্প নেয়া হচ্ছে, সেগুলো সরলরেখায় নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশ নেন।
বিশেষ আমন্ত্রণে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বৈঠকে যোগ দেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রণালয়, বিভাগ ও দফতরগুলোর কর্মকর্তাদের পরিচিতি পর্ব হয়।
আরও পড়ুন <<>> ‘সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এলে পাহাড়ে কৃষি বিপ্লব সম্ভব’
পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভাগ ও দফতরগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়। এসময় সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
এছাড়া কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের জন্য কমিটির উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব এবং মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দফতর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































