ছবি : আপন দেশ
জামালপুরের ইসলামপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হত্যার প্রায় ৮ বছর পর তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তাররা হলেন, ইসলামপুরের আগুনের চর এলাকার মো. জালাল মিয়া (৪২), মো. নুর ইসলাম (৩২) ও মো. মোজাম্মেল হক (৪৮)।
সিআইডি জানায়, ২০১৮ সালের ২ জুলাই দুপুরে ওই মোটরসাইকেল চালক স্ত্রী তাহমিনা বেগমের সঙ্গে খাবার খেয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে বকশীগঞ্জ বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ইসলামপুর থানার চুংরাপাড়া এলাকার পুবেরবন্দে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে স্ত্রী মরদেহটি তার স্বামীর বলে শনাক্ত করেন।
তদন্তে জানা যায়, সেদিন রাত আনুমানিক সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে পূর্বপরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ অপরাধীচক্র মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার উদ্দেশে চালককে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ইসলামপুর থানায় হত্যা মামলা করেন। পরে ২০২০ সালের ১৯ আগস্ট মামলাটির তদন্তভার নেয় সিআইডি।
সিআইডি জানায়, দীর্ঘ তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ থেকে তিন সন্দেহভাজনের ছবি সংগ্রহ করা হয়। তাদের শনাক্তে জামালপুরসহ আশপাশের এলাকায় প্রায় ৫ হাজার পোস্টার লাগানো হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রচার করে তথ্যদাতার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।
প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে গত ২৬ আগস্ট ইসলামপুরের নাপিতের চর থেকে জালাল মিয়াকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ২৭ আগস্ট গাজীপুরের টঙ্গী থেকে নুর ইসলাম এবং কলেজ রোড এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: মালয়েশিয়া ৬ মাসে দুই লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সিআইডি জানায়, তিন আসামিই আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন। ছিনিয়ে নেয়া মোটরসাইকেল উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
আপন দেশ/মিম/এন
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































