ছবি: আপন দেশ
যশোরে আব্দুর রহমান কাকন হত্যা মামলার পলাতক আসামি মো. সানি (২৬)। তাকে প্রায় পাঁচ বছর পর গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১টা ২০ মিনিটে যশোর কোতোয়ালি থানার উপশহর শফিউল্লাহ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সিআইডি সদর দফতর এ তথ্য জানিয়েছে।
সিআইডি জানায়, গ্রেফতার সানি যশোরের বারান্দীপাড়া মেঠো পুকুরপাড় চাতাল সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি কাকন হত্যা মামলার তদন্তে শনাক্ত হওয়া আসামি।
মামলার তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ব্যবসার কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন আব্দুর রহমান কাকন। ওই দিন রাত ১০টা ৪১ মিনিটের দিকে পূর্ব বারান্দী মোল্যাপাড়া কবরস্থানের পাশে নারায়ণের চায়ের দোকানের ভেতরে কয়েকজন তাকে এলোপাতাড়ি মারধর করেন।
একপর্যায়ে বুকের বাঁ পাশে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে ঘাতকরা। পরে তাকে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান তারা।
পরে স্থানীয়রা কাকনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কাকনের মা মোছা. সুফিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ২০২১ সালের ১৮ নভেম্বর যশোর কোতোয়ালি মডেল থানায় এ হত্যা মামলা করা হয়। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
পরে মামলাটির তদন্তভার নেয় সিআইডির যশোর জেলা ইউনিট। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করে সংস্থাটি।
তদন্তের একপর্যায়ে ২০২১ সালের ২৫ নভেম্বর মো. শরিফুল ইসলাম ওরফে জিতুকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে কাকন হত্যাকাণ্ডে শফি, মো. সানি ও সাদ্দাম মোল্লার সম্পৃক্ততার কথা জানান তিনি।
আরও পড়ুন <<>> ‘ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে’
সিআইডি বলছে, জবানবন্দি ও তদন্তে পাওয়া অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে কাকন হত্যাকাণ্ডে সানির সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া যায়। তবে হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে থাকায় এতদিন তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সানির সম্ভাব্য অবস্থান শনাক্তে দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ ও যাচাই করে আসছিল সিআইডি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে উপশহর শফিউল্লাহ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডি জানিয়েছে, কাকন হত্যাকাণ্ডে সানিসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গ্রেফতার সানিকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তে কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপন দেশ/মিম/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































