Apan Desh | আপন দেশ

‘গুণীজনের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০০:১৯, ২২ আগস্ট ২০২৬

‘গুণীজনের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে’

ছবি: আপন দেশ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সমাজ ও দেশের জন্য যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে হবে। তাতে তরুণরা উৎসাহিত হবে। তাই এসব গুণীদের ধর্ম, দল বা পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে তাদের অবদানকে স্বীকৃতি ও সম্মান জানানো দরকার।

শুক্রবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ‘শত বছরের সফল ব্যক্তি স্মারক সম্মাননা এবং প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও অনুপযুক্ত কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ বিষয়ে সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে।

তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট তৈরির প্রবণতাও উদ্বেগজনক। এসব অপব্যবহার প্রতিরোধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলেও তিনি জানান।

মন্ত্রী আরও বলেন, টাঙ্গাইলের অনেক গুণী ব্যক্তি শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাদের কর্ম ও অবদান সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বই প্রকাশ ও গ্রন্থাগারে তা ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেয়া প্রয়োজন। এ ধরনের উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন<<>> তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিভ রহমান পার্থ

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, যারা নিজেদের সৃজনশীলতা ও কর্মের মাধ্যমে সমাজে অবদান রাখছেন, তাদের স্বীকৃতি অন্যদেরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে শত বছরের সফল ব্যক্তিদের স্মরণে বিভিন্ন প্রকাশনা এবং গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, সফল ও গুণী ব্যক্তিদের জীবন, কর্ম ও অবদান স্মরণীয় করে রাখা এবং ইতিবাচক চিন্তার প্রসারে এ আয়োজন করা হয়েছে।

ছায়ানীড়ের সভাপতি ড. ইউসুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (কালিহাতী) আসনের এমপি মো. লুৎফর রহমান মতিন। ছিলেন ছায়ানীড়ের উপদেষ্টা আব্দুল কাশেম চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শায়খানাজে রহমান ও নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, লেখক, সংস্কৃতিকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/মিম/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement