Apan Desh | আপন দেশ

সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৩৯, ১১ আগস্ট ২০২৬

সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে আগামী ২৭ আগস্ট থেকে । ওইদিন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় অধিবেশন বসবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ সংবিধান অনুযায়ী এ অধিবেশন আহবান করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মো. মনির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয়ের সূত্র জানায়, সাধারণত বছরের এ সময়ে ডাকা অধিবেশন খুব একটা দীর্ঘ হয় না। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় মূলত এ অধিবেশন ডাকা হয়ে থাকে। এ সময়ে ডাকা অধিবেশন সপ্তাহখানেক চলে।

তবে এবারের অধিবেশন কত দিন চলবে, তা অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। অবশ্য এবারের অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন<<>>রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী এখনো ঠিক হয়নি: চিফ হুইপ

সবশেষ দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে ১৫ জুলাই। গত ০৭ জুন শুরু হওয়া ওই অধিবেশন চলে ২৬ কার্যদিবস। ১১ জুন সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়; ৩০ জুন তা পাস হয়। বাজেটের ওপর সাধারণ আলোচনা হয় ১৪ কার্যদিবসে। মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিটের আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য।

ওই অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়েছে। কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ৭১৫টি নোটিস জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টির ওপর আলোচনা হয়। এ অধিবেশনে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটিসহ ১১টি কমিটি গঠন করা হয়। কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।

এরই মধ্যে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় এ পদের কার্যভারের দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ২০ অগাস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়