ফাইল ছবি
একযোগে ৩৮ বিচারককে বদলি করে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের আরও ৩৪ বিচারককে বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে।
রোববার (০৫ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে সিনিয়র সিভিল জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে জ্যেষ্ঠতাসহ পদোন্নতি দেয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের তাদের নামের পাশে বর্ণিত নতুন পদ ও কর্মস্থলে নিয়োগ করা হলো।
আরেক প্রজ্ঞাপনে জুডিশিয়াল সার্ভিসের ৩৪ সদস্যকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> পুলিশের ৩৩ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
প্রজ্ঞাপনে বদলি করা ও পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের কর্মস্থলে যোগদানের বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, বর্তমানে কর্মরত বিচারকদের তাদের দফতরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট ৭ জুলাইয়ের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করতে হবে। এরপর তারা বদলি করা নতুন কর্মস্থলে যোগদান করবেন। তবে যেসব বিচারক বর্তমানে বিভিন্ন প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তারা তাদের প্রশিক্ষণ অথবা ছুটি শেষ হওয়ার পরপরই কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেবেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































