Apan Desh | আপন দেশ

বিদ্যুৎমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫০, ৭ জুন ২০২৬

আপডেট: ১৮:২৩, ৭ জুন ২০২৬

বিদ্যুৎমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সতর্ক করে বলেন, সংসদে কোনো প্রতিশ্রুতি দেয়ার আগে আনুষঙ্গিক বিষয়গুলো ভালোভাবে স্টাডি বা পর্যালোচনা করে নেবেন।

রোববার (০৭ জুন) সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় (ফার্টিলাইজার) গ্যাস সরবরাহ নিয়ে এমপি রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জেরে স্পিকার এ মন্তব্য করেন।

অধিবেশনে ফ্লোর নিয়ে এমপি রুমিন ফারহানা মন্ত্রীর কাছে তার পূর্বের একটি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, মন্ত্রী এ মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে, পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেয়া হবে। এরপর আরও এক মাস তিন-চার দিন পার হয়ে গেছে। কিন্তু এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সাপ্লাই আমরা পাইনি।

আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে, এমন সুনির্দিষ্ট প্রশ্ন রাখেন এ সংসদ সদস্য। 

আরও পড়ুন<<>>চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী

রুমিন ফারহানার প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশে গ্যাসের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। বর্তমানে সার কারখানার চেয়ে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, উনি বিদ্যুৎ চাচ্ছেন আবার উনার ফার্টিলাইজার ফ্যাক্টরিতেও গ্যাস চাচ্ছেন। গ্যাসের তো একটা সীমাবদ্ধতা আছে। এজন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সে কারণে তার ওখানে আমরা সংযোগ দিতে পারছি না।

মন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে কোনোদিন ড্রিলিং (খনন) করা হয়নি। আমরা এসে ড্রিলিং শুরু করেছি এবং আশা করি ইনশাআল্লাহ আমরা গ্যাস পাব। গ্যাস পাওয়ার পর আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো কারখানায় আমরা সংযোগ দিতে পারব।

মন্ত্রীর এমন বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে তার দেয়া আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন এক তারিখ থেকে গ্যাস যাবে। সেটি বোধহয় পাওয়া যায়নি।

ভবিষ্যতে সংসদে প্রতিশ্রুতি দেয়ার ক্ষেত্রে মন্ত্রীদের আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়ে স্পিকার বলেন, সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়